রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে এমপি জাহান্দার আলী

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া রোগী সেজে হঠাৎ ২৫০ শয্যা মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।

বুধবার (৪ মার্চ) সকালে পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতেও দেখা যায় তাকে। 

পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে ডাক্তাররা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সঠিকভাবে হচ্ছে কি না এসব বিষয়ে খোঁজখবর নেন।

সংসদ সদস্য জরুরি বিভাগ (ইমার্জেন্সি) পরিদর্শন করে রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান কেমন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা সম্পর্কে মতামত নেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ আকস্মিক পরিদর্শন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত