নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রমে আশ্রিত অসহায় বাবা-মায়েদের সঙ্গে ইফতার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নে অবস্থিত নিরাপদ বৃদ্ধাশ্রম-এ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইফতার সামগ্রী নিয়ে হাজির হন তিনি।
এ সময় খেজুর, ফলমূল, ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি ও শরবতসহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে আশ্রমের ৩২ জন আশ্রিত বৃদ্ধ-বৃদ্ধার সঙ্গে বসে ইফতার করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। পাশাপাশি রাতের খাবারেরও ব্যবস্থা করেন।
আশ্রম সূত্রে জানা যায়, অনেক বৃদ্ধ-বৃদ্ধা বছরের পর বছর এখানে অবস্থান করলেও পরিবারের সদস্যরা তাদের খোঁজ নিতে আসেন না।
ইফতার পেয়ে আশ্রমের বাসিন্দা হাসান আলী বলেন, ‘এখানে দীর্ঘদিন ধরে আছি। ভালো খাবারের সুযোগ খুব কম হয়। আজকের ইফতার পেয়ে আমরা খুব আনন্দিত।’
মোকলেছুর রহমান বলেন, ‘পরিবার আমাকে এখানে রেখে গেছে। কষ্টে দিন কাটে। আজ ভালো ইফতার পেয়ে ভালো লাগছে।’
আনোয়ার হোসেন বলেন, ‘ইউএনও ম্যাডাম আগেও আমাদের শীতের কম্বল ও খাবার দিয়েছেন। আজ আমাদের সঙ্গে বসে ইফতার করেছেন। আল্লাহ যেন তার মঙ্গল করেন।’
নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজিউর রহমান সাজু বলেন, ‘নিজ উদ্যোগে আশ্রমটি গড়ে তুলেছি। বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষ এখানে বসবাস করেন। আজ ইউএনও মহোদয়া ৩২ জন আশ্রিতের সঙ্গে ইফতার করেছেন।’
ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, ‘এর আগেও বৃদ্ধাশ্রমে এসে অসহায় বাবা-মায়েদের পাশে দাঁড়িয়েছি। আজ তাদের সঙ্গে ইফতার করতে পেরে ভালো লাগছে। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করব।’
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের সহায়তায় সবাইকে এগিয়ে আসা উচিত।
বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব