'গালে চড় খাওয়ার মতো অনুভূতি' মার্করামের

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০১:৪৬ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে সেমিতে আসা প্রোটিয়াদের এই হারকে অনেকটা "গালে চড় খাওয়ার মতো" বলে অভিহিত করেছেন অধিনায়ক এইডেন মার্করাম।

ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। মার্করাম জানান, তারা উইকেট থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন। তিনি বলেন, "আমরা আশা করেছিলাম উইকেটটি ব্যাটিংয়ের জন্য খুব ভালো হবে। আমাদের হয়তো ব্যাটিংয়ে আরও দ্রুত মানিয়ে নেওয়া উচিত ছিল। একটু পুরনো ধাঁচের ব্যাটিং করে যদি ১৯০ রান তোলা যেত, তবে লড়াইটা জমতো।"

ব্যাটিংয়ের শুরুটা মন্দ না হলেও (পাওয়ারপ্লেতে ৪৮/২), মাঝপথে খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। মার্করাম, ডেভিড মিলার এবং ডিওয়াল্ড ব্রেভিসের দ্রুত বিদায়ে ৫৫/২ থেকে মুহূর্তেই স্কোর দাঁড়ায় ৭৭/৫। শেষদিকে মার্কো ইয়ানসেনের ২৭ বলে হাফ-সেঞ্চুরির সুবাদে ১৭০ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় তারা।

তবে লক্ষ্য তাড়া করতে নেমে কিউই ওপেনার ফিন অ্যালেন যা করলেন, তা ছিল রীতিমতো টর্নেডো। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। টিম সিফার্টের সাথে তার ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ মাত্র ৪৭ বলে আসায় ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১৩ ওভারের আগেই জয় নিশ্চিত করে ফাইনালে পা রাখে নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশ মার্করাম বলেন:"আমরা সত্যিই হতাশ। এটাকে পুরোপুরি চড় বলা যাবে না, তবে অনুভূতিটা তেমনই। কিউই বোলাররা শুরুতে দুর্দান্ত বল করেছে, বল ঠিকঠাক ব্যাটে আসছিল না। তবে ফিন অ্যালেন যেভাবে খেলে খেলাটি দ্রুত শেষ করে দিল, তার কৃতিত্ব তাকে দিতেই হবে।"

পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে গর্বিত হলেও এই একটি "বাজে রাত" সবকিছু ওলটপালট করে দিল বলে মনে করেন প্রোটিয়া অধিনায়ক। আপাতত আবেগকে প্রশমিত করে হার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত