নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে জাপান, খেলবে বাংলাদেশও

আপডেট : ১৪ জুন ২০২৬, ০১:১২ পিএম

ফুটবল বিশ্বকাপে আজ রাতে এশিয়ার পরাশক্তি জাপান খেলতে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশও আজ বিশ্বকাপ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, তবে তা ক্রিকেটের বিশ্বকাপে।

এই ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে বাংলাদেশের। অতীতের ব্যর্থতা ভুলে টুর্নামেন্টে দারুণ এক শুরুর লক্ষ্য অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।

২০১৪ সালে অভিষেকের পর এটি বাংলাদেশের সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিয়মিত অংশ নিলেও বিশ্বমঞ্চে টাইগ্রেসদের রেকর্ড খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলে জয় এসেছে মাত্র ৩টিতে।

সাম্প্রতিক ফর্মও খুব একটা আশাব্যাঞ্জক নয় বাংলাদেশের। বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে হারার পর, আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছেও পরাজিত হয়েছে জ্যোতি বাহিনী। তবে এই অতীত নিয়ে মাথা ঘামাতে রাজি নন অধিনায়ক। ইংল্যান্ডের ব্যাটিং-সহায়ক কন্ডিশনে নিজেদের মানিয়ে নিয়ে ব্যাটাররা রান পাবেন বলে প্রবল আশাবাদী তিনি।

ম্যাচের আগে নিগার সুলতানা জ্যোতি বলেন: "আমরা এই উইকেটে প্রচুর রান আশা করছি। গতদিনের ম্যাচটিতেও (ইংল্যান্ডের ম্যাচ) ব্যাটারদের আধিপত্য দেখা গেছে। তাই আমরা আশা করছি আমাদের ব্যাটাররাও দলের জন্য একই রকম পারফর্ম করবে এবং রান খরা কাটিয়ে উঠবে।"

আজকের প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে। তবে তারা অনভিজ্ঞ বলে ম্যাচটি সহজ হবে—এমনটা একদমই ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। ডাচদের সমীহ করে জ্যোতি বলেন, "টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ওরা প্রথমবার বিশ্বকাপ খেলছে বলেই যে বেশি চাপে বা রোমাঞ্চে থাকবে, তা নয়। হয়তো এই স্তরে খেলার অভিজ্ঞতা তাদের কম, কিন্তু এই কন্ডিশনে তারা অত্যন্ত দুর্দান্ত দল।"

টাইগ্রেসদের ব্যাটিংয়ে এবার অন্যতম ভরসার নাম তরুণ ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। প্রস্তুতি ম্যাচগুলোতে দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন তিনি। জুয়াইরিয়াকে নিয়ে অধিনায়ক বলেন, "গত দুটি প্রস্তুতি ম্যাচে ও যেভাবে খেলেছে, তাতে বলাই যায় ও এখন দারুণ ফর্মে ও ছন্দে আছে। আমরা আশা করি ও মূল পর্বেও আমাদের এমন ইতিবাচক সূচনা এনে দেবে। বয়স কম হলেও দলের জন্য ওর খেলার ধরন খুবই প্রভাবশালী।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত