ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জেভি ফিলিং স্টেশনের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে যায়। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালি বোঝায় ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
