কয়রায় সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

খুলনার কয়রা উপজেলায় চিকিৎসাসেবার পরিধি বাড়াতে বেসরকারি উদ্যোগে ‘সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ চালু করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কয়রা সদরে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পি হাসপাতালটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. মোহাম্মদ আবদুল মজিদ।

সুন্দরবনঘেঁষা উপকূলীয় কয়রা উপজেলায় দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবার সংকট রয়েছে। জরুরি ও জটিল রোগের চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রায়ই খুলনা শহরে যেতে হয়। কয়রা থেকে খুলনার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার হওয়ায় এতে রোগী ও স্বজনদের সময় ও অর্থ—দুই-ই ব্যয় হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলায় ভালো মানের হাসপাতাল ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা দীর্ঘদিন ধরেই সীমিত। এ অবস্থায় গত তিন মাস ধরে সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চললেও শুক্রবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পি বলেন, উপকূলের কয়রা একটি অবহেলিত জনপদ। এখানকার মানুষ চিকিৎসাসেবার ক্ষেত্রেও অনেকাংশে বঞ্চিত। সেন্ট্রাল হাসপাতাল চালু হওয়ায় স্থানীয় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই যেন রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া না হয় এবং চিকিৎসাসেবার মান বজায় রাখা হয়, সেদিকে নজর রাখতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করেই এখানে চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনের দিন হাসপাতালটিতে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিতে দেখা যায়। স্থানীয়দের আশা, মানসম্মত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে হাসপাতালটি কয়রার মানুষের চিকিৎসাসংকট কিছুটা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত