পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০২:১১ পিএম

ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক হযেছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, এটা তো বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে; কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে, বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রেরে সাথে সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে, কী আলোচনা করেছে, সেটা হয়ত সরকার আপনাদেরকে জানিয়েছে এবং তারাও আপনাদেরকে জানাবে।

তিনি বলেন, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকারের নীতিমালার বিষয়গুলো।

‘আপনারা জানেন, আজকের বিশ্বের বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ তথা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের  কুটনৈতিক সম্পর্ক, আমাদের সাথে তাদের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত