পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত-২০

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রাতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) রাত প্রায় ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুই হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। পরে প্রায় এক ঘণ্টা থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। আহতরা বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া জানান, দুই হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি শান্ত হলে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বশার খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত