নড়াইলে অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে নিয়ম লঙ্ঘন করে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস এ জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নবগঙ্গা নদীর বড়কালিয়া এলাকার বৃহাচলা বালুমহাল থেকে নিয়ম লঙ্ঘন করে বালু উত্তোলন করছিলেন ঠিকাদার আজিজুল হক। তিনি ইজারার নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলন করছিলেন।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, সংশ্লিষ্ট ইজারাদার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃহাচলা মৌজায় বালুমহালের ইজারা নিয়েছেন। কিন্তু তিনি নিয়ম অমান্য করে সীমানা অতিক্রম করে বড়কালিয়া এলাকায় বালু কেটে পরিবহনের চেষ্টা করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজির পাগলা গ্রামের আইজ উদ্দিনের ছেলে আজিজুল হককে এ জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত