জাবিতে ছাত্রদলের ইফতার মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক রাশেদুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের উপস্থিত থাকার কথা থাকলেও ট্রাফিক জ্যামের কারণে তিনি নির্ধারিত সময়ে অনুষ্ঠানে পৌঁছাতে পারেননি।

অনুষ্ঠানে বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করে। এ ছাড়া আমি ছাত্রদলের আহ্বান জানাচ্ছি যেসকল শিক্ষার্থীরা আর্থিক সমস্যার কারণে যাদের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পবিত্র রমজান মাসের এ সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিশ্ববিদ্যালয় পরিবারকে একত্রিত করার লক্ষ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

পরে দোয়া ও মোনাজাতে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত