সহমর্মিতার মাসে আত্মীয়দের খোঁজ নিন

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:১৭ এএম

যান্ত্রিক সভ্যতার এ যুগে আমরা যখন ক্রমাগত আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি, তখন আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি। মানুষ একা বাঁচার জন্য সৃষ্টি হয়নি। তার জীবন জড়িয়ে আছে সম্পর্কের সূক্ষ্ম ও বিস্তৃত জালে। আপনজনদের সঙ্গে গড়ে ওঠা এ সম্পর্কই মানবজীবনকে করে তোলে অর্থবহ ও পরিপূর্ণ। কারণ, রক্তের সূত্রে কিংবা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠা আত্মীয়তার বন্ধন মানুষের সামাজিক জীবনের একটি মৌলিক ভিত্তি। ইসলাম মানুষের এ স্বাভাবিক সম্পর্ককে শুধু সামাজিক রীতি হিসেবে দেখেনি, বরং এটিকে ইবাদতের মর্যাদায় উন্নীত করেছে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজখবর নেওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনার অন্তর্ভুক্ত। কোরআন ও হাদিসে আত্মীয়তার হক আদায়ের ওপর বারবার জোর দেওয়া হয়েছে। কারণ, আত্মীয়তার বন্ধন অটুট থাকলে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতা বৃদ্ধি পায়। বিশেষ করে রমজান মাসে যখন আমাদের মন নরম থাকে, তখন ঝিমিয়ে পড়া সম্পর্কগুলোতে প্রাণসঞ্চার করা জরুরি। এটাই আত্মীয়তার বন্ধন রক্ষা করার শ্রেষ্ঠ সময়।

আত্মীয়তার বন্ধন রক্ষা করা বলতে বোঝায়, আত্মীয়ের অবস্থা অনুযায়ী তার প্রতি অনুগ্রহ করা। সেটা কখনো অর্থ-সম্পদ প্রদানের মাধ্যমে, কখনো সেবার মাধ্যমে, কখনো দেখা-সাক্ষাতের মাধ্যমে আবার কখনো সালাম বিনিময়ের মাধ্যমে কিংবা হাসিমুখে কথা বলার মাধ্যমে হয়ে থাকে। কল্যাণকর কোনো উপদেশদানের মাধ্যমেও আত্মীয়তা রক্ষা করা যায়। এমনকি কোনো আত্মীয় যদি নির্যাতন ও নিপীড়নের শিকার হন, তখন তার পক্ষ নেওয়ার মাধ্যমেও আত্মীয়তার বন্ধন রক্ষা হয়। ছাড় দেওয়ার মাধ্যমেও আত্মীয়তার বন্ধন রক্ষা হয়। মোটকথা, ব্যক্তির সামর্থ্য, প্রয়োজন ও কল্যাণের বিবেচনা করে আত্মীয়তার বন্ধন রক্ষার অনেক দিক ও পদ্ধতি রয়েছে।

সাধারণত রক্ত, বংশ কিংবা বৈবাহিক সূত্রে আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয়। অনেক সময় বন্ধুত্ব থেকেও আত্মীয়তার মতো সম্পর্ক তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে তা আত্মীয়তার সম্পর্ক থেকেও গভীর হয়। ইসলামের বিধান অনুযায়ী আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যাবশ্যক।

আল্লাহতায়ালা আত্মীয়স্বজনের অধিকারের ব্যাপারে ইরশাদ করেছেন, ‘হে মানবজাতি! তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। আর তিনি তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অন্যের কাছে চাও। তোমরা সতর্ক থাকো রক্তসম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের পর্যবেক্ষক।’ (সুরা নিসা ১)

আত্মীয়তার বন্ধন অটুট রাখা ইমানের দাবি। হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে।’ (সহিহ বুখারি ৬১৩৮)

আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে দুনিয়াতেই এর সুফল পাওয়া যায়। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমি নবী করিম (সা.)কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত ও আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।’ (সহিহ বুখারি ৫৫৫৯)

আত্মীয়স্বজনের সঙ্গে করণীয় হলো, তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা, তাদের সঙ্গে সদ্ব্যবহার করা, তারা অর্থকষ্টে থাকলে যথাসাধ্য সহায়তা করা। মাঝেমধ্যে তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করা, তাদের মাধ্যমে কষ্ট পেলে সহ্য করা, প্রতিকূল পরিস্থিতিতেও তাদের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ না ঘটানো, সর্বোপরি তাদের সঙ্গে সালাম-কালাম, হাদিয়া-উপঢৌকন আদান-প্রদান অব্যাহত রাখা। রমজান আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার বিশেষ সুযোগ তৈরি করে। তাই আমাদের উচিত, এ মাসে আত্মীয়স্বজনের হক আদায়ে সচেষ্ট হওয়া।

ইসলামি স্কলাররা বলেন, রমজানে আত্মীয়স্বজনের খোঁজ-খবর নিন, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আপনজনকে ভালোবাসুন, আত্মীয় গরিব হলেও তাকে সম্মান করুন, আত্মীয়দের ভুলগুলো ক্ষমা করুন। রহমত ও মাগফিরাতের মাসে দয়া ও ক্ষমার অনুশীলন করুন। ক্রোধ ও প্রতিশোধপরায়ণ হওয়া শয়তানি বৈশিষ্ট্য, নাজাতের মাসে এর থেকে মুক্তি লাভে সচেষ্ট হোন। বান্দার সঙ্গে সুসম্পর্ক করুন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে তোমার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে, তার সঙ্গে সম্পর্ক গড়ো; যে তোমার প্রতি অবিচার করে, তাকে ক্ষমা করো।’ (সহিহ মুসলিম)

আপনজন ও আত্মীয়স্বজনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কিন্তু এটা দীর্ঘদিন ধরে রাখা যাবে না। কোনো মুমিন-মুসলমানের সঙ্গে তিন দিনের অধিক রাগ করে কথাবার্তা বন্ধ রাখা বৈধ নয়। যদি কারও সঙ্গে কোনো লেনদেন বা দেনা-পাওনা থাকে, তা শরিয়তসম্মতভাবে ও আইনি উপায়ে আদায়ের চেষ্টা করুন। স্বাভাবিক সম্পর্ক বহাল রাখুন, প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকুন। দুনিয়ায় না পেলে আখিরাতে অবশ্যই পাবেন; থাক না পরকালের জন্য কিছু বাড়তি সঞ্চয়। বিশ্বাসী মুমিন-মুসলমানের কোনো কিছুই বৃথা নয়।

লেখক : সভাপতি, বাংলাদেশ মুসলিম কাউন্সিল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত