মেঘনায় জাটকা ধরার দায়ে ১৭ জেলে আটক

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ৫ হাজার টাকা করে ৬৫ হজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামণ আদালত। বাকি ৪ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আজ শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

আটক জেলেরা হলেন আক্তার হোসেন (৩৪), মো. কাউছার (২৬), খোরশেদ আলম (৩৫), মো. বাচ্চু মিয়া (৩২), মো. নাজিম উদ্দিন (৩৯), মো. আজাদ (৪৫), মো. বারেক (২২), মো. শরীফ (২৪), সাইদুর রহমান (২৪), আবু সাইদ (৪৫), মো. নিয়ামত ভুঁইয়া (৪০), মো. মনির (৩৭) ও  মো. সাগর (২৮)। অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন-মো. রবিউল, মো. সুক্কুর, বিল্লাল হোসেন ও মো. জাহিদ।

মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেছেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত মেঘনা নদীর সদরের হরিনা থেকে কাচিকাটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৭ জেলে আটক, ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৩টি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের জরিমানা করেন। কারেন্টজাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। জেলেদের নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত