জিদানের কোচিং নিয়ে বিস্ময়কর মন্তব্য গ্যারেথ বেলের

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল সম্প্রতি এক সাক্ষাৎকারে কোচ হিসেবে জিনেদিন জিদানের কাজের ধরন নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন। ওয়েলশ এই ফুটবলার জানান, জিদানের অধীনে রিয়াল মাদ্রিদে অনুশীলনে খুব বেশি ট্যাকটিক্যাল কাজ করা হতো না। একইসঙ্গে তিনি রিয়ালের আরেক কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির কথাও বলেছেন।

পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে গ্যারেথ বেল বলেন, ‘তিনি ইতালিয়ান ফুটবলে খেলেছেন এবং ডিফেন্সিভ দিকটা ভালো বুঝতেন। কিন্তু খুব বেশি কিছু করতেন না। যদি বার্সেলোনা বা বায়ার্ন মিউনিখের মতো দলের বিপক্ষে ম্যাচ থাকত, তখন একটু ট্যাকটিক্যাল কাজ হতো, কিন্তু অন্য ম্যাচে সেটা খুবই কম ছিল।’

তিনি আরও বলেন, ‘সাধারণত অনুশীলন হতো স্বাভাবিকভাবেই—পজেশন গেম, ছোট গোলপোস্টে খেলা, শট নেওয়া—এই পর্যন্তই। বড় ম্যাচে আমরা হয়তো ১৫ মিনিট ডিফেন্সিভ ট্যাকটিক্স অনুশীলন করতাম, আক্রমণাত্মক নয়। এর বেশি কিছু নয়।’

তবে দলের মান এত ভালো ছিল যে অতিরিক্ত কৌশলগত নির্দেশনার খুব প্রয়োজন পড়ত না বলেও উল্লেখ করেন সাবেক এই উইঙ্গার। গ্যারেথ বেল বলেন, ‘আমরা খুব বেশি ট্যাকটিক্যাল কাজ করতাম না। কারণ দলে প্রত্যেক পজিশনে বিশ্বের সেরা খেলোয়াড়রা ছিল। সবাই জানত কে কী করবে।’

দলের তারকাদের নিয়েও কথা বলেন তিনি। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদো ও কারিম বেনজেমার সঙ্গে সম্পর্ক ছিল খুব ভালো। গ্যারেথ বেল বলেন, ‘ড্রেসিংরুমে আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। কারিম খুব শান্ত স্বভাবের। আমাদের মধ্যে কখনো তর্ক বা ঝগড়া হয়নি।’

কোচ হিসেবে কার্লো আনচেলত্তির সঙ্গে জিদানের পার্থক্যও তুলে ধরেন বেল, ‘কার্লোর ম্যান ম্যানেজম্যান্ট ছিল অসাধারণ। আপনি যদি দলে না খেলেন, তবুও তিনি আপনাকে এমন অনুভূতি দিতেন যেন তিনি আপনার সবচেয়ে ভালো বন্ধু। সবাইকে একসঙ্গে ধরে রাখার অসাধারণ ক্ষমতা তার ছিল।’

উল্লেখ্য, গ্যারেথ বেল ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন। এই সময় তিনি ক্লাবটির হয়ে একাধিক বড় শিরোপা জিতেছেন, যার মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত