অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির সাথে চট্টগ্রামের লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁওতে কনটেইনার টার্মিনাল চুক্তি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, শর্ত গোপন রেখে এবং জনগণের নানা অংশের মতামত উপেক্ষা করে যেভাবে এই চুক্তি হয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, যেভাবে অস্বচ্ছ প্রক্রিয়ায় দুটি বিদেশি কোম্পানির সাথে একটি ৩০ বছর, আর একটি ২২ বছরের চুক্তি করা হয়েছে দেশপ্রেমিক কোন সরকার এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। অন্তর্বর্তী সরকারের বিদেশিদের টার্মিনাল দেয়ার জন্য কেন এই তাড়াহুড়া তা বোধগম্য নয়।
সাইফুল হক বলেন, বিদেশিদের হাতে কনটেইনার টার্মিনাল, পোর্ট নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেয়ার সাথে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত রয়েছে। রাজনৈতিক সমঝোতা ও বোঝাপড়া ছাড়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয়ে এ ধরনের কোন সিদ্ধান্ত নিতে পারে না। অতীতে সরকার জাতীয় জনমতকে উপেক্ষা করে ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নানা চুক্তি করায় জনরোষের শিকার হয়েছিল। দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারও স্বৈরাচারী সরকারগুলোর পথে হাঁটছে।
তিনি উল্লেখ করেন, কঠোর গোপনীয়তার সাথে জিটুজি পদ্ধতিতে প্রতিযোগিতামূলক দরপত্র ব্যতিরেকে যেভাবে এই চুক্তি করা হয়েছে তাতে সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যে সরকারের বয়স আর তিন মাস সেই সরকারকে কেন প্রবল বিরোধিতা আর বিতর্কের মধ্যে এই চুক্তি করতে হবে তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই।
তিনি অনতিবিলম্বে সরকারকে বিদেশিদের দিয়ে ও তাদের পরিচালনায় টার্মিনাল সংক্রান্ত চুক্তি থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া অতীতে স্বাক্ষরিত দেশ ও জনস্বার্থ বিরোধী এ ধরনের চুক্তির পর্যালোচনা ছাড়া নতুন কোন চুক্তি না করার দাবি জানান।
