যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, নিন্দা সাইফুল হকের

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অব্যবস্থাপনা ও পরীক্ষা বাতিলের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, সংশ্লিষ্ট সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

রবিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশেও সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি প্রমাণ করে, রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা পুরোনো দুর্নীতি ও সিন্ডিকেটের অশুভ চক্র এখনো সক্রিয়। এসব সিন্ডিকেট যুবসমাজের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে।

বিবৃতিতে তিনি বলেন, দেশের দূরদূরান্ত থেকে চরম আর্থিক কষ্ট ও মানসিক চাপ সহ্য করে হাজার হাজার চাকরিপ্রত্যাশী তরুণ ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। কিন্তু পরীক্ষা শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যে ওএমআর শিট কেড়ে নিয়ে পরীক্ষা স্থগিত করার ঘটনা তরুণদের প্রতি চরম নির্মমতা ও তামাশার শামিল। এ ধরনের অদক্ষতা, অবহেলা ও অপরাধের দায় কোনোভাবেই চাকরিপ্রার্থীদের ওপর চাপানো যায় না।

বর্তমান নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে সাইফুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্নফাঁস ও দুর্নীতির সঙ্গে যুক্ত সিন্ডিকেটগুলো গুঁড়িয়ে দিতে হবে। এর সঙ্গে জড়িত রাঘববোয়ালসহ চক্রের সব সদস্যকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় বেকার যুবসমাজ ও জনগণের পুঞ্জীভূত ক্ষোভের চরম মূল্য সরকারকে দিতে হবে।

তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও পরীক্ষা বাতিলের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পাশাপাশি চাকরিপ্রার্থীদের রাজধানীমুখী হয়রানি বন্ধে ভবিষ্যতে বিভাগীয় ও জেলা শহরগুলোতে পরীক্ষার কেন্দ্র সম্প্রসারণের জোর দাবি জানান।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত