সৌদি আরবকে ধন্যবাদ দিলো ইরান

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম

চলমান সংঘাতের মধ্যে ইরানের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতির জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে তেহরান। সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি রেজা এনায়েতি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সৌদি আরবের অবস্থানকে তেহরান ইতিবাচকভাবে দেখছে। রাষ্ট্রদূত এনায়েতি বলেন, সৌদি আরবের কাছ থেকে আমরা বারবার শুনেছি যে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। আমরা এই অবস্থানের প্রশংসা করি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে সৌদি আরবের এই অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে সৌদির এই নীতি তেহরানের জন্য ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এ বিষয়ে এখনো সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ইরানি রাষ্ট্রদূতের বক্তব্যে দুই দেশের মধ্যকার কূটনৈতিক আলোচনার একটি নতুন দিক উন্মোচিত হলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত