মহিলাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অকারণ উদ্বেগ বা অস্থিরতা, কখনো হার্ট সমস্যার আগাম সংকেত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে ‘হৃদরোগ’ বললে বেশিরভাগ মানুষ তীব্র বুকব্যথার কথা ভাবেন। কিন্তু মহিলাদের ক্ষেত্রে হৃদরোগের লক্ষণ অনেক সময় ভিন্নভাবে দেখা যায়। চিকিৎসকদের মতে, অনেক মহিলা দীর্ঘদিন ধরে ক্লান্তি বা দুশ্চিন্তার মতো সমস্যা অনুভব করলে, সেটিকে মানসিক চাপ বা কাজের ক্লান্তি মনে করেন। কিন্তু এই লক্ষণগুলো হৃদযন্ত্রে রক্ত চলাচলের সমস্যার ইঙ্গিত দিতে পারে। মহিলাদের মধ্যে ‘মাইক্রোভাসকুলার অ্যাঞ্জাইনা’ নামে একটি সমস্যা তুলনামূলক বেশি। এই অবস্থায় হৃদযন্ত্রের ছোট রক্তনালিগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। কিন্তু সাধারণ পরীক্ষায় বড় ধমনিগুলো স্বাভাবিক দেখা যেতে পারে। ফলে রোগটি সহজে ধরা পড়ে না। এসব উপসর্গ অনেক সময় উদ্বেগ বা অ্যাংজাইটির মতো মনে হয়। গবেষণায় দেখা গেছে, মহিলাদের মধ্যে উদ্বেগের সঙ্গে হৃদরোগের কিছু উপসর্গের সম্পর্ক থাকতে পারে। চিকিৎসকরা বলছেন, যদি দীর্ঘদিন ধরে অকারণ উদ্বেগ, অস্বাভাবিক ক্লান্তি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা বুকের অস্বস্তি দেখা যায়, তাহলে সেটিকে অবহেলা করা উচিত নয়। এ কারণে প্রাণনাশ হতে পারে। বুকের কোনো ব্যথাকেই গুরুত্বহীন ভাবার কারণ নেই। কারণ কোন ব্যথা কী কারণে হচ্ছে, একমাত্র তা চিকিৎসকই বলতে পারেন। ফলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।