জামালপুরের বকশীগঞ্জে এক বৃদ্ধের ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) ওই বৃদ্ধের আহাজারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। শুক্রবার (৬ মার্চ) বিকালে পৌর শহরের নামাপাড়া এলাকায় এ চুরিকাণ্ড ঘটে।
ভুক্তভোগী আকালু মিয়া (৬০) ওই উপজেলার ধাতুয়া কান্দা গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার আকালু মিয়ার অটোভ্যান গাড়িতে যাত্রী সেজে অজ্ঞাত এক ব্যক্তি ওঠে। ভ্যানটি নামাপাড়া এলাকায় পৌঁছালে চালক আকালু মিয়াকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। পরে অটোভ্যানিটি ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন ছিনতাইকারী। এরপর ওই বৃদ্ধ ভ্যানচালক মাটিতে গড়াগড়ি করে আহাজারি করতে থাকেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই আইনঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ভুক্তভোগী বৃদ্ধ আকালু মিয়া বলেন, এ অটোভ্যান চালিয়েই সংসার চালাইতাম, এখন আমি কি করে খাবো, সমিতির কিস্তি দিব কি দিয়ে, আমি এখন অসহায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাই হওয়ার খবর শোনার পুলিশ পৌর বাজার এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করেছেন। কিন্তু ঘটনাটি পৌর শহরের বাইরে হওয়ায় কোনো প্রকার ফুটেজ পাওয়া যায়নি। তবে ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
