সৌদি থেকে দেশে ফেরার পথে দুবাইয়ে নিখোঁজ প্রবাসী

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতে সৌদিআরব থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে রফিকুল ইসলাম ( ৪০) নামে এক প্রবাসী শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে৷ গত ২৮ ফেব্রুয়ারী থেকে পরিবারের সাথে তার সকল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নিখোঁজ প্রবাসী রফিকুল ইসলাম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার মৃত লাল মাহমুদ মন্ডলের ছেলে৷ প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী ও ২টি কন্যা সন্তান রয়েছে।

জীবিকার তাগিদে ৫ বছর আগে সৌদিআরবে পাড়ি জমায় তিনি। সেখানে তিনি আল কাছিম শহরে মিনিস্টার বলোদিয়া কোম্পানির আওতায় গ্যারেজে কাজ করতেন।

পরিবার সুত্রে জানা গেছে, রফিকুল ইসলাম পরিবারের সাথে ঈদ করতে কোম্পানির কাছ থেকে ছুটি নেন। পরে গত ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় সকাল ১১টায় দেশে ফেরার উদ্দেশ্যে সৌদি আরবের আল কাছিম বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি বিমানে দুবাই রওনা দেন। বিমানটি দুপুর ২টার দিকে দুবাইয়ের সারজা বিমানবন্দরে অবতরণ করার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে বাংলাদেশে আসার ফ্লাইটটি বাতিল হয়ে যায়। প্রবাসী রফিকুলের ওইদিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত পরিবারের সাথে কথা হয়৷ এরপর থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জার সব কিছু অফলাইন দেখাচ্ছে। 

এদিকে বাতিল হওয়া ওই ফ্লাইটটি গত ৪ মার্চ বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও প্রবাসী রফিকুল ইসলাম বাড়ি ফেরেন নি ও পরিবারের সাথে যোগাযোগ করেন নি। এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবার৷

স্ত্রী আর্জিনা বেগম বলেন, গত ২৮ ফেব্রুয়ারী সেহরির সময় আমার স্বামীর সাথে শেষ কথা হয়৷ এরপর থেকে আর যোগাযোগ নেই৷ ৮ দিন ধরে আমার স্বামী নিখোঁজ। সে কোথায় আছে, কেমন আছে, আমরা কেউ জানিনা৷ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন, আমার স্বামীকে আমাদের কাছে ফিরিয়ে দিন।

বড় মেয়ে রাফিয়া ইসলাম বলেন, আমার বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্নের পর আমরা তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় সময় পার করছি। বাবার সাথে ঈদ করবো এই আশায় আছি। আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার বাবার সন্ধান দিন৷

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, আমাদের একজন রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন, বিষয়টি দুঃখজনক। আমরা আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত