ইরানের একটি নৌযানকে নিজস্ব বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার (৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করে বলেছেন, এটি একটি ‘মানবিক’ পদক্ষেপ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দক্ষিণ ভারতের কোচি বন্দরে বুধবার থেকে আইআরআইএস লাভান নামের জাহাজটি অবস্থান করছে। একই দিন শ্রীলঙ্কার উপকূলে ইরানি নৌফ্রিগেট দেনা-তে হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলায় অন্তত ৮৭ জন নিহত হন।
সরকারি সূত্রের বরাতে রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, আইআরএস লাভান জাহাজটির বিষয়ে ভারতের কাছে জরুরি অনুরোধ জানিয়েছিল ইরান।
বার্ষিক রাইসিনা ডায়ালগ অনুষ্ঠানে সাংবাদিকদের জয়শঙ্কর বলেন, আইনি বিষয়গুলো যা-ই হোক না কেন, আমরা সত্যিই মানবিকতার দৃষ্টিকোণ থেকে এটি করেছি। আমি মনে করি আমরা সঠিক কাজটিই করেছি।
আইআরআইএস বুশেহর নামের আরেকটি ইরানি জাহাজ দেনা-তে হামলার পর শ্রীলঙ্কার কাছেও সাহায্যের অনুরোধ জানিয়েছিল বলে জানা গেছে। উল্লেখ্য, এই জাহাজগুলো আগে ভারত আয়োজিত নৌ মহড়ায় অংশ নিয়েছিল।
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই প্রসঙ্গে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর জাহাজগুলো ‘ঘটনার ভুল দিকে আটকা পড়ে গিয়েছিল।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন, ইরানের নৌবাহিনী ধ্বংস করাই মার্কিন সামরিক অভিযানের মূল লক্ষ্য। এই পরিস্থিতিতে ভারতের এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
