পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, আমরা বর্তমানে বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে এই মুহুর্তে অবস্থান করছি। এই পরিস্থিতির কারণে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে।
তিনি বলেন, সরকারী দল ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। কারণ দেশ গড়ে তোলার দায়িত্ব কারো একক নয়। সবার সম্মিলিত অংশগ্রহণ দরকার। আর সেটা যদি গণতান্ত্রিকভাবে করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের সামনে যতো চ্যালেঞ্জ আছে তেমনি অপার সম্ভাবনা আছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনায়েদ সাকি বলেন, জ্বালানী তেল থেকে শুরু করে আমদানী নানাকিছু জীবনযাপনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এই মুহুর্তে আমাদের প্রয়োজন ঐক্য এবং ধৈর্য্য। বর্তমান সরকার এই যে বৈরি পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ রয়েছে।
বর্তমান সরকারের কয়েকটি অঙ্গিকার তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নতি বলতে শুধু রাস্তাঘাট আর স্থাপনা নয়, উন্নয়ন হচ্ছে নাগরিকের জীবনে কি পরিবর্তন আনলো সেটা। সেই লক্ষ্যে বর্তমান সরকার ফ্যামেলী কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, বিদ্যমান রাষ্ট্রকে বিগত ফ্যাসিস্ট সরকার যে অবস্থায় নিয়ে গিয়েছিল তাতে বাংলাদেশের অগ্রগতি আর সম্ভব ছিল না। যে দেশে মানুষের অধিকার কার্যকর থাকে না সেদেশ এগিয়ে যেতে পারে না। কাজেই এখন এই রাষ্ট্রব্যবস্থাকে বদলে ফেলতে হবে। যা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আর এর জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এসময় গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মডেল গ্রুপের এমডি বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) হাসিনিজ্জামান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান, গণসংহতি আন্দোলনের মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, অঞ্জন দাস, মোঃ আলম হোসেন প্রমুখ।
