আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মা-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা। তিনি বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীর মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও মানবিক সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন।
এক শুভেচ্ছ বাণীতে গতকাল শনিবার তিনি বলেন, নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সমাজ, রাষ্ট্র ও সভ্যতার অগ্রযাত্রায় নারীর অক্লান্ত শ্রম, ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিতেই এ দিবসের তাৎপর্য।
নূরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘এবারের নারী দিবসের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। এই প্রতিপাদ্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা, নির্যাতন ও অনিরাপত্তার ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।’
নূরুন্নিসা বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা ও সম্মান দিয়েছে। আল্লাহর প্রদত্ত অধিকার ও মর্যাদা নিশ্চিত করে নারীদের এগিয়ে নেওয়ার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলদের সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি সবাইকে এমন একটি সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার আহ্বান জানান, যেখানে নারী নিরাপদ, সম্মানিত ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে।
