গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মনোয়ারা বেগম (৩০) নামের এক নারীকে গুলি করে আহত করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারের বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা জয়নাল হাজারীর স্ত্রী। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল যান। তবে এর আগেই অভিযুক্তরা পালিয়ে যান। আহত অবস্থায় গুলিবিদ্ধ ওই নারীকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর স্বজন রাজু আহমেদ জানান, এমসি বাজার এলাকায় একটি কারখানার জন্য কেনা জমি দেখাশোনা করেন জয়নাল আবেদীন ও তার স্ত্রী মনোয়ারা। ওই জমির একটি অংশ দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় স্থানীয় কিছু মাদকাসক্ত যুবক সেখানে ঢুকে মাদক সেবন ও ব্যবসা করতেন। গত শুক্রবার বিকেলে ওই দম্পতি জমির অরক্ষিত অংশে বেড়া দিতে শুরু করলে ক্ষিপ্ত হন স্থানীয় মাদক ব্যবসায়ী রিয়াদ হোসেন, মুন্না মিয়া, শেখ ফরিদ ও সাহাদাত হোসেন। একপর্যায়ে অভিযুক্তদের একজন জয়নালকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা তার স্ত্রী মনোয়ারা বেগমের ডান পায়ে লাগে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. বিজন মালাকার বলেন, ‘গুলিবিদ্ধ ওই নারীকে তার স্বজনরা আমাদের কাছে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়।’
