কুমিল্লা নগরীর একটি মন্দিরসহ দুই পৃথক স্থানে ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ চারজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাতে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) এলাকার কালী গাছতলা শিব মন্দির ও এর কাছাকাছি দুইটি স্থানে এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী, ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার আ. বারেক ও জিহাদ। আহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শিব মন্দিরে পুরোহিত কেশব চক্রবর্তীসহ কয়েকজন শনিপূজা করছিলেন। এ সময় হঠাৎ মন্দিরের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পুরোহিত আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে মুখোশ পরা এক ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ব্যাগটি রেখে তিনি দ্রুত দৌড়ে চলে যান। এর পরপরই সেখানে বিস্ফোরণ ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানান, ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় শিব মন্দিরের পাশের একটি বৌদ্ধ মন্দির ও একটি ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনজন আহত হন। তাদের মধ্যে দুজনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানা গেছে।
কুমিল্লা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যারা শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি মো. তৌহিদুল আনোয়ার।
