শ্রমিকদের জন্য ডিসকাউন্ট শপ চালু করল আপন বাজার

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৪৯ এএম

দেশের শিল্প খাতের শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে চট্টগ্রাম কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) যাত্রা শুরু করল আপন বাজার। গতকাল রবিবার কেইপিজেড-এ প্রতিষ্ঠানটির ৫৪তম বিক্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটিই দেশের কোনো রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) অভ্যন্তরে শ্রমিকদের জন্য নিবেদিত দেশের বৃহত্তম ডিসকাউন্ট শপ ও ডিজিটাল আর্থিক সেবা কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন কেইপিজেড-এর নির্বাহী পরিচালক, মাহবুব আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে কেইপিজেড ও আপন বাজারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ইপিজেডভুক্ত বিভিন্ন কারখানার প্রতিনিধি অংশ নেন।

২০১৭ সালে শ্রমিকদের জন্য ক্ষুদ্র পরিসরে সুলভমূল্যের দোকান দিয়ে আপন বাজারের যে যাত্রার সূচনা হয়েছিল, কেইপিজেড-এ এই বিশাল আউটলেটটি চালুর মাধ্যমে তা এক নতুন মাইলফলক স্পর্শ করল। এর ফলে ইপিজেডের ভেতরে কর্মরত প্রায় ৮০ হাজার শ্রমিক এখন থেকে হাতের কাছেই সাশ্রয়ী মূল্যে বাজার করার পাশাপাশি বিভিন্ন আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।

এই আউটলেটে শ্রমিকদের জন্য একটি সমন্বিত সেবা মডেল চালু করা হয়েছে। এর আওতায় শ্রমিকরা দৈনন্দিন মুদি পণ্যে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত সরাসরি ছাড় পাবেন। এ ছাড়া আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এখানে থাকছে বিনাসুদে বাকিতে কেনাকাটা, সহজ শর্তে ‘পে-ডে লোন’ বা স্বল্পমেয়াদি ঋণ এবং প্রয়োজনীয় গৃহস্থালি পণ্যের ওপর কিস্তি সুবিধা। আপন বাজারের ‘সুরক্ষিত থাকুন’ কর্মসূচির আওতায় নিবন্ধিত শ্রমিকরা পাবেন বিনামূল্যে স্বাস্থ্যবীমার সুবিধা। আপন বাজারের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ‘শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে আপন-এর যাত্রা শুরু হয়। সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার পাশাপাশি এখন থেকে বিনামূল্যে স্বাস্থ্যবীমা ও ঋণ সুবিধা পাবেন কেপিজেডের শ্রমিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত