‘কথার চেয়ে কাজ করা ভালো’

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০২:০২ এএম

আফঈদা খন্দকার। তার প্রতিভা নিয়ে প্রশ্ন নেই। সাবিনা-উত্তর যুগে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। তার অধিনায়কত্বে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলছে। মাসুরা পারভীন ছিটকে যাওয়ায় দলের রক্ষণভাগটাও গড়ে উঠছে তাকে কেন্দ্র করে। খুব খারাপ যে করছেন তা নয়। তবে এশিয়ান কাপের শেষ দুই ম্যাচে একটু নড়বড়ে ছিলেন আফঈদা। বিশেষ করে প্রথমার্ধের যোগ করা সময়ে উত্তর কোরিয়াকে দুই গোল উপহার দিয়েছিলেন নড়বড়ে ডিফেন্সে। এরপর কোরিয়া আরও তিন গোল করে বাংলাদেশকে বিধ্বস্ত করে। রবিবার সংবাদ সম্মেলনে আফঈদা কম কথা কেন বলেন, জানতে চাইলে বলেছেন, তিনি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। আজ নিজের কাজটা ঠিকঠাক করতে পারবেন তো বাংলাদেশ অধিনায়ক। তার ওপর যে অনেকটাই নির্ভর করে দল। তিনি নড়বড়ে হওয়া মানেই যে উজবেকিস্তানের আক্রমণভাগ চড়াও হওয়ার সুযোগ পাবে বেশি বেশি।

বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান ও আফঈদা একই জেলা সাতক্ষীর মানুষ। মোস্তাফিজুর যেমন স্বল্পভাষী। আফঈদাও তাই। সংবাদ সম্মেলনে বেশিরভাগ সময় কোচ পিটার বাটলারের পাশে চুপ করে বসে থাকেন তিনি। প্রশ্ন করলে এক-দুই বাক্যে উত্তর দিতে পছন্দ করেন। মোস্তাফিজের কম কথা বলাকেই অনুসরণ করেন কি না জানতে চাইলে আফঈদা বলেন, ‘আসলে ওভাবে আমি অনুসরণ করি না। মোস্তাফিজুর ভাই যে অবস্থানে আছেন, উনি উনার জায়গায় সেরা। আমি উনাকে অনুসরণ করি না। আমি ক্রিকেট খেলাও সেভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে কথার চেয়ে কাজ আগে করা ভালো। ’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত