রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে মেহেদী হাসান অপু (২৫) নামে এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন। রবিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে জনাকীর্ণ আড়ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অপুর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তেই বসবাস করতেন।
ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার কোনো লেনদেন বা আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে তার একটি পায়ের রগ কাটা অবস্থায় ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে এবং তারা ইতোমধ্যেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
বর্তমানে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল আসামিদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ওসি মোহাম্মদ রাজু বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কারা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, তা জানতে আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রমাণ সংগ্রহ করছি। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান