ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।

সোমবার (৯ মার্চ) রাত ২টার দিকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির। অপরজনের নাম এখ‌নো জানা যায়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। সম্প্রতি পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের পর বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

ঝিনাইদহ গো‌য়েন্দা সংস্থা (ডিবি) পু‌লি‌শের অফিসার ইনচার্জ সা‌ব্বিরুল আলম জানান, বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোল‌নের ৭ নেতাকর্মী‌কে গা‌ড়ি পোড়া‌নো ও পে‌ট্রোল পাম্প ভাঙচুরের মামলায় আট‌কের বিষয়‌টি আমি শুনেছি।

উল্লেখ্য, শনিবার রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাক-বিতণ্ডার জের ধরে পাম্পের কর্মীদের পিটুনিতে বৈষম্য‌বি‌রোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ সদর উপ‌জেলা ক‌মি‌টির মুখ্য সংগঠক ফারদিন আহমেদ নিরব নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত