জরুরি তেল রপ্তানির বিষয় নিয়ে আলোচনা করবে জি–৭

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম

বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে থাকায় জরুরি তেল মজুত থেকে যৌথভাবে তেল রপ্তানির বিষয়টি নিয়ে সোমবার (৯ মার্চ) আলোচনা করবে জি–৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা। বিষয়টি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সমন্বয় করতে পারে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ জি–৭-এর অন্তত তিনটি দেশ ইতোমধ্যে এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করতে জি–৭ অর্থমন্ত্রীদের সঙ্গে আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোলও একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন।

এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত বিস্তৃত হওয়ায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে। বড় কিছু উৎপাদক সরবরাহ কমিয়ে দেওয়ায় এবং তেল পরিবহনে দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটার আশঙ্কায় সোমবার তেলের দাম এক লাফে ২৫ শতাংশের বেশি বেড়ে ২০২২ সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

 এ বিষয়ে আইইএ বা জি–৭ সভাপতিত্বকারী দেশ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত