ময়মনসিংহে অধিকাংশ ফিলিং স্টেশনে লেখা ‘জ্বালানি নেই’

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৬:২৯ পিএম

ময়মনসিংহে জ্বালানি তেলের মজুত না থাকায় জেলার অধিকাংশ ফিলিং স্টেশন সোমবার (৯ মার্চ) হঠাৎ বন্ধ রাখা হয়েছে। এতে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

জেলা শহরের বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, স্টেশনগুলোতে লোহার গেট বন্ধ রাখা হয়েছে বা রশি টানিয়ে ‘জ্বালানি নেই’ লেখা বোর্ড দেওয়া হয়েছে। চালকরা তেল পেতে গিয়ে ফিরে যাচ্ছেন। নগরীর সাইফুল ফিলিং স্টেশন, হাইওয়ে ফিলিং স্টেশন ও টাউন হল সড়কের ফিলিং স্টেশন বন্ধ থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা চালকরাও তেল পাননি।

মোটরসাইকেল চালক আশরাফুল হক বলেন, দুপুরে হাইওয়ে ফিলিং স্টেশনে নিয়ম মেনে অকটেন চেয়েছি, কিন্তু কর্মচারী রাজি হননি। পরে শহরের কয়েকটি পাম্পে ঘুরেও তেল পাইনি। তেল না থাকায় আমার কাজ বন্ধ হয়ে গেছে।

প্রাইভেটকার চালক রুবলে মিয়া জানান, গাড়ি গ্যাস কনভার্সন না থাকার কারণে পেট্রোল বা অকটেন ছাড়া চলতে পারি না। সকাল থেকে বিভিন্ন পাম্পে ঘুরেও তেল পাইনি। সামান্য তেল থাকলেও বাসা পর্যন্ত যেতে পারবো কিনা নিশ্চিত নই।

মেসার্স হাইওয়ে ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. কালাম বলেন, পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নগরীর গঙ্গা দাস গুহ রোডের অটোমোবাইল ফিলিং স্টেশনের কর্মচারী শরীফ বলেন, রবিবার সন্ধ্যার পর থেকেই আমাদের পাম্পের তেলের মজুত শেষ হয়ে গেছে। তেলের জন্য চালকরা এসে ঘুরে ঘুরে যাচ্ছে। তেল না থাকায় আমরা তাদের দিতে পারছি না। তেল না পাওয়ায় চালকরাও বিপাকে পড়েছেন।

মেসার্স সাইফুল ফিলিং স্টেশনের নিরাপত্তা প্রহরীও জানান, মালিকপক্ষ পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নগরীর স্টার ফিলিং স্টেশন ও অটোমোবাইল ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া হলেও ডিপোগুলো থেকে তেল আসেনি। দুই দিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো তেল পায়নি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম জানান, পাম্পে তেল থাকলে তা বিক্রি করতে হবে। মজুত রেখে দাম বাড়ানোর সুযোগ নেই। তেল শেষ হয়ে বন্ধ আছে নাকি অন্য কারণে বন্ধ রাখা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান জানান, সারা দেশের মতো ময়মনসিংহেও তেলের সংকট রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে, দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত