ইরানের তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র দেশটিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এসময় তিনি বলেন, ইরান সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা পরিচালিত হয়, তবে সে ক্ষেত্রে আমাদের আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে।
মুখপাত্র জোর দিয়ে বলেন, আত্মরক্ষামূলক ব্যবস্থাকে কখনো শত্রুতামূলক আচরণ হিসেবে গণ্য করা উচিত নয়।
গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ প্রসঙ্গে বাঘাই স্পষ্টভাবে জানান, ইরানের মাটি থেকে এ ধরনের কোনো হামলা চালানো হয়নি। তিনি অভিযোগ করেন, ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতেই শত্রুপক্ষ পরিকল্পিতভাবে এসব গুজব ছড়াচ্ছে।
সম্ভাব্য যুদ্ধবিরতি বা সমঝোতা নিয়ে মধ্যস্থতার প্রশ্নে মুখপাত্র বলেন, বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে কোনো আলোচনা প্রাসঙ্গিক নয়। মাতৃভূমি রক্ষার বিষয়টিই এখন সর্বাগ্রে। এর বাইরে অন্য কোনো আলোচনার সময় এখনো আসেনি, বলেন তিনি।
ইসমাইল বাঘাই আরও বলেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি এবং এটি ইচ্ছাকৃতভাবে ডেকে আনা হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ এড়ানোর আর কোনো পথ খোলা নেই বলেও মন্তব্য করেন তিনি।
