শ্রীলঙ্কা ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। নারী দলের প্রধান কোচ হিসেবে জেমি সিডন্সকে নিয়োগ দেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার পুরুষ দলের দায়িত্ব তুলে দেওয়া হলো বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনের হাতে। সোমবার লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে শ্রীলঙ্কা বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন কোচ সনাথ জয়াসুরিয়া। তার শূন্যস্থান পূরণ করতেই দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ওপেনারকে বেছে নিয়েছে এসএলসি। আগামী ১৫ এপ্রিল, ২০২৬ থেকে দুই বছরের চুক্তিতে লঙ্কানদের দায়িত্ব বুঝে নেবেন তিনি।
গ্যারি কারস্টেন কোচিং জগতের এক বড় নাম। তার অধীনেই ২০১১ সালে ভারত ওয়ানডে বিশ্বকাপ জয় করেছিল এবং টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল। এছাড়া দক্ষিণ আফ্রিকা জাতীয় দল এবং আইপিএলে গুজরাট টাইটানসের হয়েও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন।
লঙ্কানদের দায়িত্ব নেওয়ার পর কারস্টেনের প্রধান লক্ষ্য হবে আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা।
এর আগে পাকিস্তান দলের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পেলেও বোর্ড ও খেলোয়াড়দের সাথে মতপার্থক্যের কারণে দ্রুতই পদত্যাগ করেছিলেন তিনি। এবার লঙ্কান দ্বীপপুঞ্জে তার দ্বিতীয় অধ্যায় কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।
ব্রাজিল ফুটবলে খেলা ছেড়ে মারামারি; ২৩ জনকে লাল কার্ড