নতুনদের নিয়ে উৎসুক হেসনও

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:৪১ এএম

বাংলাদেশ সফরের পাকিস্তান দলে আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ৬ ক্রিকেটার। কোচ মাইক হেসন খুবই উৎসুক এই নতুনদের দেখতে। বাংলাদেশে পা রাখার পর সোমবার প্রথম অনুশীলন ও সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের সাবেক কোচ এটাও জানিয়েছেন যে ভারত যোগ্য দল হিসেবেই জিতেছে বিশ্বকাপ।

সাহেবজাদা ফারহান সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে পরিচিত মুখ। বাকিরা একটু অচেনাই। অথচ অভিজ্ঞ বাবর আজমের জায়গা হয়নি। হেসন জানালেন, কেউ যৌক্তিক কারণেই বাদ পড়েছেন এবং যারা সুযোগ পেয়েছেন তাদের জাতীয় দলে দেখতে তিনি নিজেও আগ্রহী, ‘কাউকে নির্দিষ্ট করে বাদ দেওয়া হয়নি। বর্ষপঞ্জিতে এটি একটি বিরল সুযোগ যেখানে বড় কোনো ইভেন্টের বাইরে তরুণ ও প্রতিশ্রুতিশীল প্রতিভাদের যাচাই করে নেওয়া যায়। এই খেলোয়াড়দের অনেকেই সুযোগের অপেক্ষায় দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। উদাহরণস্বরূপ, সাহেবজাদা ফারহান টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে তার পারফরম্যান্সের মাধ্যমে দলে জায়গা করে নিয়েছেন। শামিল হোসেন একজন রোমাঞ্চকর প্রতিভা, প্রথম শ্রেণি ও লিস্ট-এ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন। মাজ সাদাকাতও বেশ কিছুদিন ধরে জাতীয় দলের রাডারে ছিলেন। এই সিরিজটি এই খেলোয়াড়দের জন্য তাদের সক্ষমতা প্রমাণের একটি বড় সুযোগ।’ গত বছর জুলাইতে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি খেলতে এসেছিল পাকিস্তান। সেবার উইকেটের কড়া সমালোচনা করেছিলেন হেসন। এবার তার কাছে মনে হয়েছে ভালো হয়েছে পরিস্থিতি, ‘নিঃসন্দেহে। আগের চেয়ে এবার পিচে ঘাসের আবরণ অনেক ভালো মনে হচ্ছে। যদিও এখানকার উইকেটগুলো বেশ কিছুদিন ধরে তেমন ভালো ছিল না, তবে বিপিএল-এর সময় কিছু উন্নতি লক্ষ করা গেছে। এবার ঘাসের আবরণ বেশি থাকায় ব্যাট ও বলের মধ্যে একটি প্রকৃত লড়াই হওয়ার কথা। ব্যাট ও বলের সুষম প্রতিযোগিতা থাকলে দুই দলই উপকৃত হয়’।

সর্বশেষ সর্বাধিক পঠিত