নাহিদ ইসলাম বললেন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:৩৬ এএম

বিরোধীদলীয় চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদ সদস্য (এমপি) বলেছেন, ‘ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা জাতীয় সংসদে যাচ্ছি না, আমরা জাতীয় সংসদে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছে, সেই হ্যাঁ-এর পক্ষে, সংস্কারের পক্ষকে বাস্তবায়ন করার জন্য। সেই সংস্কার বাস্তবায়নের জন্য আমরা ১২ মার্চ সংসদে যাচ্ছি। আমরা যাচ্ছি কবে উচ্চপক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবেÑ সেই হিসাব নেওয়ার জন্য।

গতকাল মঙ্গলবার এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের বিএনপির সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাসিকের সাবেক মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন ম-ল প্রমুখ। 

নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদ যেই ১৬ বছর ধরে বাংলাদেশকে ধ্বংস করে গিয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুন করে তৈরি করা, বিনির্মাণ করার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, এ লড়াই কোনো দলের পক্ষে, কোনো সরকারের পক্ষে এককভাবে করা সম্ভব নয়। এ লড়াই এই বিনির্মাণ এ নতুন বাংলাদেশ তখনই সম্ভব, যদি বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকে। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় পরিবর্তন। যেটি বিগত সময়ে আমরা কখনোই দেখিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত