ঈদের ছুটিতে কাস্টম হাউজগুলো খোলা থাকবে

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:৩৬ এএম

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনগুলো খোলা রাখা হবে। এর ফলে ঈদের দিন ছাড়া সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম নীতির দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত নির্দেশনা সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে মার্চের শুরুতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউজসহ দেশের সব কাস্টমস স্টেশন ও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানায় পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

চিঠিতে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সব সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম কাস্টম হাউজসহ দেশের অন্যান্য কাস্টমস স্টেশন, ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যক্রম চালু রাখার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত