সুইজারল্যান্ডে বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০২:১১ পিএম

সুইজারল্যান্ডে এর ফ্রিবর্গ ক্যান্টন এর কার্জার্স শহরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি সড়কে চলন্ত বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

ফ্রিবর্গ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের মুখপাত্র ফ্রিড্রিক পাপউ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের ভেতরে থাকা কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কর্মকাণ্ডের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া 'পেট্রল ঢেলে আগুন দেওয়ার' খবরটি এখনো নিশ্চিত করা হয়নি। পুলিশ আরও জানায়, ঘটনার সময় অন্য কোনো যানবাহনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়নি।
 
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সুইস প্রেসিডেন্টগাই পারমেলিন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত