চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা নিঝুম (১৫) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সারাবন তহুরা এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় কামাল হোসেন (৪৫) নামে আরও একজন আহত হয়েছেন।
আজ বুধবার (১১ মার্চ) দুপুর ১টায় পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী সারাবন পদুয়া তেওয়ারীখীল নজরআলী সিকদার পাড়ার মাহফুজুর রহমান ও রোকেয়া বেগমের মেয়ে।
জানা যায়, জসিম উদ্দিন নামের এক গরু বেপারী গরুটি বাজারে বিক্রি করতে এনেছিলেন। গরুটি হঠাৎ দড়ি ছিঁড়ে পালানোর সময় তহুরাকে শিং দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন জানান, সারাবন তহুরার এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে সকালে কোচিং সেন্টার থেকে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক মো. এনায়েত হোসেন দেশ রূপান্তরকে জানান, গরুর শিংয়ের আঘাতে শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে যাই। এ ব্যাপারে ছাত্রীর মা রোকেয়া বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
