চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রসব বেদনায় কাতর মিসবাহুল জান্নাত নামে পানিবন্দি এক প্রসূতি নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার খৈয়ারকুল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে হাসপাতালে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন।
মিসবাহুল জান্নাত ওই এলাকার সৌদি প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, বৃহস্পতিবার সকালে মিসবাহুল জান্নাত নামে এক প্রসূতি নারী প্রসব বেদনায় কাতর হলে চারদিকে থৈ থৈ পানিতে দুশ্চিন্তায় পড়ে যান তার স্বজনরা। কোন উপায়ন্তর না দেখে তারা লোহাগাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মিজবাহুল জান্নাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে হাসপাতালে ওই নারী একটি পুত্র সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
এদিকে, উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে আছে হাজার হাজার পরিবার। এতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ডলু, টংকাবতী ও হাঙ্গর খালের পানিতে বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে কিছু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা ও উদ্ধার কাজ অব্যাহত আছে।