বিশ্ব জুড়ে সমাদৃত আশির দশকের অন্যতম জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগারকে এখন আর নিয়মিত পর্দায় দেখা যায় না। ৭৯ বছর বয়সী এই অভিনেতা কাজ করেন বেছে বেছে। সে সব কাজেও ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে নেই তিনি। এবার আশির দশকের জনপ্রিয় ক্ল্যাসিক সিনেমাগুলো নিয়ে ভক্তদের নতুন খবর দিলেন জীবন্ত এই কিংবদন্তি। ওই সময়ের অন্যতম তিন ব্লকবাস্টার সিনেমা ‘কোনান’, ‘কমান্ডো’ ও ‘প্রেডিটর’-এর নতুন পর্ব তৈরি করছেন তিনি। শোয়ার্জনেগার বলেন, বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর আমার সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। প্রেডিটর নিয়ে আরও একটি সিনেমা তৈরি করেছে। সিনেমার পরিচালক ড্যান ট্র্যাকটেনবার্গ খুবই ভালো কাজ করেছে। এখন সে চায় আমি যেন পরবর্তী ‘প্রেডিটর’-এ অভিনয় করি। ফক্স স্টুডিওস-ও আমার সঙ্গে যোগাযোগ করে বলেছে, ‘আমরা চাই আপনি প্রেডিটর-এ অভিনয় করুন, আমাদের কাছে আপনার জন্য কমান্ডো টু’র ও একটি স্ক্রিপ্ট আছে।
দ্য হলিউড রিপোর্টার নিশ্চিত করেছে শোয়ার্জনেগারের আরেক জনপ্রিয় সিনেমা কোনান এর সিক্যুয়ালের খবর। কোনানের নতুন সিনেমা ‘কিং কোনান’ নিয়ে ওই একই ইভেন্টে ভক্তদের শোয়ার্জনেগার বলেন, ‘দারুণ একটা কাহিনি যেখানে কোনানের বয়স ৪০ হয়ে গেছে ও সে তার সাম্রাজ্য নিয়ে বেশ আত্মতুষ্টিতে ভুগছে। ধীরে ধীরে নিজের সাম্রাজ্য থেকে তাকে নির্বাসনে পাঠানো হয়। সিনেমায় ভায়োলেন্স, জাদু ও স্পেশাল এফেক্টের অনেক ব্যবহার আছে। স্টুডিওগুলো সাধারণত এইসব সিনেমায় প্রচুর অর্থ খরচ করে। যে কারণে আমি সিনেমাগুলোতে কাজ করতে মুখিয়ে আছি।’
শোয়ার্জনেগার এও জানিয়েছেন যে, ‘কিং কোনান’ পরিচালনা করবেন ক্রিস্টোফার ম্যাককোয়েরি। যিনি এর আগে টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের চারটি সিনেমা পরিচালনা করেছেন। ‘কোনান’ কমিকস অবলম্বনে প্রথম সিনেমা ‘কোনান দ্য বারবেরিয়ান’ মুক্তি পায় ১৯৮২ সালে। ব্যবসাসফল এই সিনেমা দিয়েই হলিউডের সেরা তারকাদের একজন হয়ে ওঠেন আর্নল্ড শোয়ার্জনেগার। এর দুই বছর পর আসে ‘কোনান দ্য ডেস্ট্রয়ার’। এটিও বক্স অফিসে হিট হয়।
১৯৮৫ সালে মুক্তি পায় ‘কমান্ডো’। ব্লকবাস্টার এই সিনেমার এখন পর্যন্ত কোনো সিক্যুয়াল নির্মাণ করা হয়নি। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ‘প্রেডিটর’ হিট হওয়ার পাশাপাশি জন্ম দেয় নতুন সিনেমা ফ্র্যাঞ্চাইজির। যার অধীনে নির্মিত হয়ে আটটি সিনেমা ও একাধিক ভিডিও গেম। মূল পর্ব ছাড়া কোনোটিতেই দেখা যায়নি শোয়ার্জনেগারকে। ২০১৯ সালের ‘টারমিনেটর ডার্ক ফেইট’ সিনেমায় সবশেষ কোনো কেন্দ্রীয় চরিত্রে বড় পর্দায় অভিনয় করেছেন তিনি।