রান্নাঘরে সময় বাঁচানোর উপায়

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১২:৪৩ এএম

কর্মজীবী মহিলাদের মূলত অবসর কম থাকে। সারাদিন অফিস সামলে রান্নাবান্না করা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। তাই কর্মজীবী নারীরা অন্তত রান্নাঘরে যাতে বেশি সময় ব্যয় না করতে হয়, তার জন্য কিছু উপায় জেনে নিতে পারেন।

পরিকল্পনা সেরে নিন : রান্নাঘরে ঢুকে কী রান্না করবেন ভাবতে বসলেই সময় শেষ। তার চেয়ে কোন দিন কী রান্না করবেন, তা সপ্তাহের শুরুতেই প্ল্যান করে নিন। সেই মতো বাজার-দোকান সেরে রাখুন। কিংবা আগের দিন রাতে প্ল্যান করুন, পরদিন কী রান্না করবেন। এতে কাজ সহজ হবে।

ওয়ান-পট মিলল : যখন একা হাতে বাজার-দোকান করা, রান্নার জোগাড় করা সব করেন, তাহলে রকমারি রান্না করা সহজ নয়। তখন এক তরকারি-ভাতই ভালো। তাই ওয়ান-পট মিল রান্না করার চেষ্টা করুন। খিচুড়ি, পোলাও, সবজি দিয়ে তৈরি ওটস, ডালিয়া ইত্যাদি খেতে পারেন।

যন্ত্রপাতি ব্যবহার করুন : মিক্সার গ্রাইন্ডার, এয়ার ফ্রায়ার, মাইক্রোওভেন, রাইস কুকার ইত্যাদি যন্ত্রপাতি রান্নার কাজকে সহজ করে দেয়। আপনার সময় ও পরিশ্রম কমিয়ে দেয়। তাই রান্নাঘরে এই ধরনের যন্ত্রপাতিগুলো রাখতে পারেন।

জোগাড় সেরে রাখুন : মিল প্ল্যানিংয়ের পাশাপাশি রান্নার জোগাড়ও আগে থেকে সেরে রাখতে পারেন। আগের দিন রাতে সব আনাজপাতি কেটে রাখুন। একসঙ্গে অনেকটা পরিমাণ আটা মেখে ফ্রিজে রেখে দিন। রোজ একটু করে বের করে বেলে-সেঁকে নিলেই রুটি তৈরি। এ ছাড়া ডাল-তরকারিও বেশি করে তৈরি করে ফ্রিজে রাখতে পারেন।

সহজ খাবারের সন্ধান : প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাতে গেলে অনেক সময় চলে যায়। এ ক্ষেত্রে হাতের কাছে সহজ খাবার রাখুন। ডিম সেদ্ধ, ওটস মিল, চিয়া পুডিং, চিড়ার পোলাও, গোলারুটি বা প্যানকেক ইত্যাদি বানিয়ে খেতে পারেন। এ ছাড়া লাঞ্চ ও ডিনারেও এমন রেসিপি খুঁজে রাখুন, যা খুব কম সময়ে এবং অল্প উপকরণেই রান্না করা সম্ভব।

সর্বশেষ সর্বাধিক পঠিত