হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা ‘অবমাননার’ অভিযোগ!

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ জয় উদ্‌যাপনের সময় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে ভারতের পুনে শহরের এক আইনজীবী পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। 

ভারতের সংবাদমাধ্যমটি বলছে, আইনজীবী ওয়াজিদ খান পুনের শিবাজি নগর পুলিশ স্টেশনে একটি লিখিত আবেদন জমা দেন। সেখানে তিনি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি করেছেন।

অভিযোগে বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জিতে পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে মাঠে অশালীন আচরণ করেন। আইনজীবী ওয়াজিদ খান তার আবেদনে উল্লেখ করেন, “এই কাজ প্রযোজ্য আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের আবেদন গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় হার্দিক পান্ডিয়া বলেন, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা তার ব্যক্তিগত প্রতিশ্রুতির বাস্তবায়ন।

তিনি বলেন, “২০২৪ সালে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল জয়ের পর আমি নিজেকে কথা দিয়েছিলাম- যে টুর্নামেন্টই খেলি, জেতার জন্যই খেলব এবং ট্রফি জিতব। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে এই জয় সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ। আর এটিই কেবল শুরু।”

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট ও বল—দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পান্ডিয়া। টুর্নামেন্টে তিনি দুটি অর্ধশতক করেন এবং মোট ৯টি উইকেট নেন। নামিবিয়ার বিপক্ষে তার ২৮ বলে ৫২ রানের ইনিংস ছিল উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত