বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বাবরকে ফেরানোর দাবি

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

বাংলাদেশের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জাজনক পরাজয় বরণ করেছে পাকিস্তান। গতকাল বুধবার মিরপুরে নাহিদ রানার আগুনে বোলিংয়ে তারা ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ মাত্র ৯১ বলেই ৮ উইকেটর জয় তুলে নেয়। এরপর পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে উঠেছে নতুন দাবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা দাবি করছেন, বাবর আজমকে দলে ফেরানো হোক। অথচ সেই বাবর আজম ফর্মহীনতার কারণে মাসের পর মাস ধরে তীব্র সমালোচনার মুখে আছেন। গতকাল পাকিস্তানের পরাজয়ের পর তাদের অনেক সমর্থক দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে বাবর আজমকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

একজন সমর্থক সামাজিক মাধ্যমে লেখেন, ‘বাবর আজম ছাড়া এই দল ২০ ওভারও খেলতে পারে না, অথচ আশা করা হচ্ছিল তারা ৫০ ওভার খেলবে! বাবরকে ফেরানো হোক’ আরেকজন মন্তব্য করেন, ‘পাকিস্তান এখন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নিচে নেমে গেছে। আমাদের সমর্থকদেরও বড় দলের সঙ্গে তুলনা করা বন্ধ করা উচিত!’

পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম ওয়ানডেতে এখন পর্যন্ত ১৪০ ম্যাচে ৬ হাজার ৫০১ রান করেছেন। তার গড় ৫৩.৭৩, যা বর্তমান ক্রিকেটে অন্যতম সেরা। তবু টি–টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাকে রাখা হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে আগেই সমালোচনা শুরু হয়েছিল।

২০২৪ সালে ওয়ানডেতে ছয় ইনিংসে ২২৮ রান করেছিলেন বাবর, গড় ছিল ৫৭। তবে ২০২৫ সালে ১৭ ইনিংসে ৫৪৪ রান করে গড় নেমে আসে ৩৪–এ। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন অবশ্য সিরিজ শুরুর আগে বলেছিলেন, কাউকে দল থেকে বাদ দেওয়া হয়নি। নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার লক্ষ্যেই দলে পরিবর্তন আনা হয়েছে।

কিন্তু পাকিস্তান দলের এই হতশ্রী পারফর্মেন্সের পর হেসনের যুক্তি টিকছে না। এদিকে পাকিস্তানের কিছু স্থানীয় গণমাধ্যম দাবি করেছে, বাবর আজম নাকি আপাতত আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতি নেবেন। পিসিবির পক্ষ থেকেও নাকি বাবরকে এমনই নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে পাকিস্তান এমন একটা দেশ, যেখানে যে কোনো কিছুই সম্ভব। সত্যিটা কী- সেটা ভবিষ্যতই বলে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত