আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান হামলা

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে শুক্রবার (১৩ মার্চ) নতুন করে ফের অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। 

এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আফগান পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান পাকিস্তানি হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ইসলামাবাদের চালানো হামলা শহরের আবাসিক বাড়িতে আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। তালেবানের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। 

তালেবানের একজন মুখপাত্র বলেন, আফগানিস্তানের দ্বিতীয় সর্ববৃহৎ শহর কান্দাহারের বিমানবন্দরেও পাকিস্তান হামলা চালিয়েছে। তালেবানের ওই মুখপাত্র আরও বলেন, কান্দাহার বিমানবন্দরের কাছে প্রাইভেট এয়ারলাইনে একটি জ্বালানি ডিপোতেও পাকিস্তান হামলা চালিয়েছে। 

তবে পাকিস্তান দাবি করেছে, তাদের হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি।

জাতিসংঘের আফগানিস্তান মিশন ইউনামা জানিয়েছে, পাকিস্তানের সামরিক অভিযানে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত আফগানিস্তানে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে  ২৪ জন শিশু।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত