ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়ার মোড় এলাকায় অবস্থিত গ্লোবাল সুজ নামের একটি জুতা কারখানায় ইফতারিতে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় এই ঘটনা ঘটে। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই শ্রমিকদের মধ্যে বমি, তীব্র পেটব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। এতে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারখানার সুয়িং ইনচার্জ কামরুল ইসলাম জানান, সিডস্টোর বাজারের খান হোটেল থেকে ইফতারের জন্য বিরিয়ানি আনা হয়েছিল। শ্রমিকরা খাবার খাওয়ার পরপরই একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অসুস্থ কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থ শ্রমিকদের কয়েকজন জানান, বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতরদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি দিল ইরানের নতুন সর্বোচ্চ নেতা