ইরাকে একটি মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ছয় ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) সেন্টকম জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল কেসি–১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার, যা আকাশে উড্ডয়নরত যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করতে সক্ষম। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা এখনও চলছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনাটি শত্রুপক্ষ বা নিজেদের বাহিনীর গুলিতে ঘটেনি। বিমানটি ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল এবং একই অভিযানে যুক্ত আরেকটি বিমান নিরাপদে অবতরণ করতে পেরেছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, বিমানটি মিত্র নিয়ন্ত্রিত আকাশসীমার ওপর দিয়ে উড়ছিল। তবে ইরাকের ওই অঞ্চলে ইরানপন্থী মিলিশিয়াদের উপস্থিতি রয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, তাদের মিত্র একটি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানটিকে লক্ষ্যবস্তু করেছিল।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত শুরুর পর এখন পর্যন্ত অন্তত সাত মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত চারটি সামরিক বিমান হারানোর ঘটনাও ঘটেছে। কেসি–১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার বিমানটি বোয়িং ১৯৫০ ও ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের জন্য তৈরি করে। এটি দীর্ঘদিন ধরে মার্কিন বাহিনীর আকাশে জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান ভরসা, যা যুদ্ধবিমানকে দীর্ঘ সময় আকাশে মিশন পরিচালনায় সহায়তা করে।
