রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্বপূর্ণ উদ্যোগ ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি ভিজিএফ কার্ডের বিপরীতে ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে মাত্র ৮ কেজি থেকে ৯ কেজি চাল। গত বৃহস্পতিবার তারাব পৌরসভার ৫টি কেন্দ্রে চাল বিতরণের সময় সরেজমিনে গিয়ে এ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ঈদের আগে উপজেলার ৭টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ৭ হাজার ৭৭৪ জনকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তারাব পৌরসভায় ৪ হাজার ৬২৫ জনকে ভিজিএফ কার্ডের হয়েছে। 

সরেজমিনে গিয়ে জানা গেছে, চাল বিতরণের সময় সরকারি নির্দেশনা অনুযায়ী ১০  কেজি দেওয়ার কথা বলা হলেও বাস্তবে ওজন করলে দেখা যায় প্রায় ৮ কেজি থেকে শুরু করে ৯ কেজি। চাল ডিজিটাল স্কেলে করে মেপে দেওয়ার কথা থাকলেও চাল আনুমানিকভাবে বালতিতে করে কোনো রকম দায়সারাভাবে চাল দেওয়া হচ্ছে কার্ডধারীদের। তবে অনেকেই বিষয়টি জানলেও ভবিষ্যতে তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

একজন কার্ডধারী বলেন, ‘আমাদের বলা হয় ১০ কেজি চাল দেওয়া হচ্ছে। কিন্তু মেপে দেখা গেছে দেড় কেজি কম। আমরা গরিব মানুষ, তাই প্রতিবাদ করতে পারি না।’

তারাব পৌর নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ভুইয়া বলেন, চালের বস্তা আনা-নেওয়ার সময় বস্তা থেকে চাল পড়ে যায়। তখন সবাইকে দিতে গিয়ে ৫০০ গ্রাম চাল কম দেওয়া এটা স্বাভাবিক তবে ২ কেজি চাল কম দেওয়ার বিষয়টি অন্যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত