বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, যাদের সবাই বিএনপি নেতা। আজ রবিবার থেকে দায়িত্ব নেবেন তারা। গতকাল শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্তঅথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ নিয়ে দেশের ১১ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন।
প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর তারা মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
পাঁচ সিটির নতুন পাঁচ প্রশাসক গতকাল দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংসদ ভবনে সরকার প্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে প্রশাসক হিসেবে সরকার দলীয়দের বসানো হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব পান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, উত্তরে ঢাকা-১৫ আসনের পরাজিত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটিতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে বসানো হয় প্রশাসক পদে।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আলোচনা উঠতে শুরু করেছে।
