মোজতবা খামেনির তথ্য দিলে কোটি ডলার পুরস্কার

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৭ এএম

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য দিতে যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন (১ কোটি) ডলার পুরস্কার ঘোষণা করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে গত শুক্রবার এ ঘোষণা আসে। 

ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস পরিচালিত এই প্রোগ্রামের বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দেন এবং পরিচালনা করেন, যারা বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়ন করেন। 

বিবৃতিতে মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ নেতাদের তথ্য দিলে তথ্যদাতা পুনর্বাসনের সুবিধা পাবেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন। 

যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছাড়াও তার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি, ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানিসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা এখন তৃতীয় সপ্তাহে পা দিয়েছে। গত শুক্রবার এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালাবে। ফক্স নিউজ রেডিওকে তিনি বলেন, ‘আমরা আগামী এক সপ্তাহ তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব।’

ট্রাম্প আরও বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের জনগণই শেষ পর্যন্ত দেশটির নেতাদের ক্ষমতা থেকে উৎখাত করবে।

ট্রাম্প বলেন, ‘আমার সত্যিই মনে হয়, নিরস্ত্র মানুষদের জন্য এটা একটা বড় প্রতিবন্ধকতা। আমি মনে করি, এটা খুবই বড় প্রতিবন্ধকতা...এটা ঘটবেই, কিন্তু সম্ভবত তা তাৎক্ষণিক হবে না।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ আগ্রাসন শুরু করে। হামলার প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এ সংঘাত এখন উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে, বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দাম অস্থিতিশীল করে তুলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত