সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হলো

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩ টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটি এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে।

রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ অধ্যাদেশগুলি বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ৷

আইনমন্ত্রী বলেন, সংসদে ১৩৩ টি অধ্যাদেশ উপস্থাপন করেছি। ইতোমধ্যে প্রথম অধিবেশনে প্রথম বৈঠকেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আমি এই ১৩৩ টি অধ্যাদেশ উক্ত বিশেষ কমিটিতে যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করার জন্য অনুরোধ করছি ৷ উক্ত বিশেষ কমিটি যাতে আগামী ২ এপ্রিলের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করেন সে বিষয়ে আপনার (স্পিকার) স্বনির্বন্ধ নির্দেশনা কামনা করছি।

এরপর স্পিকার বলেন, আইনমন্ত্রীর প্রস্তাব মতে সংসদে উত্থাপিত ১৩৩ টি অধ্যাদেশ বিশেষ কমিটিতে প্রেরণের জন্য প্রস্তাবটি আমি ভোটে দিচ্ছি। এর পর ভোটে দিলে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে সেটি পাস হয় ৷ উপস্থাপিত অধ্যাদেশগুলি বিশেষ কমিটিতে পাঠিয়ে দেয়া হয় ৷ কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয় ৷

এর আগে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান   অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত