কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত একাধিক মামলার পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(১৫ মার্চ) বিকেলে সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল হোসেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া বাজার এলাকায় অবস্থানের খবর জানতে পারে। খবর পেয়ে টেকনাফ মডেল থানার সহকারী উপপরিদর্শক এএসআই তাপস কান্তি দাশ, এএসআই মানষ বড়ুয়া ও এএসআই তুষার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওসি ।
